শ্রীপুরে কুপিয়ে আওয়ামী লীগ কর্মীর দুই পা কর্তন

শ্রীপুর উপজেলার বাকেরা গ্রামে উইলিয়াম হেসেন ওরফে মানিক নামে এক আওয়ামী লীগ কর্মীর দুই পা কুপিয়ে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে। মানিককে আশঙ্কজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, মর্তুজাপুর গ্রামে দুলাভাইয়ের বাড়ি থেকে বুধবার রাত ৯টার দিকে নিজবাড়ি বাখেরা আসার পথে পথিমধ্যে দুর্বৃত্তরা মানিকের ওপর অতর্কিত আক্রমণ করে। পরে কুপিয়ে তার দুই পা কেটে ফেলে রেখে যায় তারা।
 
মানিকের দুলাভাই এমএ আওয়ালের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় হান্নান মেম্বর ও হারুন উকিলের নির্দেশে আনিচ, ওহাব, হাসেম, জুয়েল, শাবুলসহ ১০/১২জনের একটি দল চাপাতি ও রমদা দিয়ে কুপিয়ে উইলিয়ামের দুই পা বিচ্ছিন্ন করেছে।
 
অ্যাডভোকেট হারুন অর রশীদ বলেন, মানিকে সাথে আমার যথেষ্ট সু-সম্পর্ক রয়েছে। সামাজিক দলাদলির কারণে আমাকে শত্রুতা করে জড়ানো হচ্ছে। এঘটনার সাথে আমার বা আমার লোকজনের কোন সম্পৃক্ততা নেই। তবে হান্নান মেম্বর এবিষয়ে কিছুই জানেন না বলে জানান।
 
এসআই মো. হামিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে আহত ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি