শতভাগ শিক্ষিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে: এমপি মনির

যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, শিক্ষকরা যদি মানুষ গড়ার কারিগর হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারখানা। এই কারখানায় ভালো মানুষ তৈরি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি আদর্শ মানুষ তৈরি না হয় তাহলে মসজিদ মন্দিরে ভালো মানুষ যাবে না।
 
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশের মানুষকে শতভাগ শিক্ষিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছে। মোবাইলের মাধ্যমে অভিভাবকের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছেন। শিক্ষকদের বেতন দ্বিগুন করেছেন। মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করেছেন। আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কওমি শিক্ষাকে মর্যদা দান করেছেন। যা স্বাধীনতার পরে কোন সরকার করেনি।
 
বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বিদায়ী শিক্ষক ওলিয়ার রহমানের স্মৃতিচরণ করে বলেন, এক আদর্শ শিক্ষকের মধ্যে যা কিছু থাকা দরকার তার সব কিছু ওলিয়ার রহমানের মধ্যে ছিলেন। তিনি আমারও শিক্ষক ছিলেন। তিনি দায়িত্ববান ও শ্রেণিকক্ষে পাঠদানে অতুলনীয় এক শিক্ষক। বর্তমান সময়ের শিক্ষকদের তার নিকট থেকে অনেক কিছু শেখার আছে।
 
মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক সোহরাব হোসেন সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সচিব গোলাম মহিউদ্দীন, প্রাণী সম্পদ অধিদফতরের অবসরপ্রাপ্ত পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ড. মহাসিন কবীর, বাঁকড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার খান, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান শাহাজান সরদার।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক ওলিয়ার রহমান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক তফিকুল ইসলাম স্বপন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাটিকোমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান।
 
পরে তিনি মাটিকোমরা গ্রামের ৯৩টি মিটারের নতুন সংযোগ লাইনের এবং বেত্রাবতী নদীর উপর দিয়ে একটি সেতুর উদ্বোধন করেন।
 
ইত্তেফাক/আরকেজি