বরিশালে ঘুষ গ্রহণের অভিযোগে আটক ৩

পুলিশ কনস্টেবল নিয়োগে চাকরি পাইয়ে দেবার কথা বলে আবেদনকারীদের কাছ থেকে টাকা নেবার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে বরিশাল জেলা পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ ৪লাখ টাকা ও ৭লাখ টাকার জনতা ব্যাংকের একটি চেক উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ সূত্র জানায়, কনস্টেবল পদে নিয়োগের জন্য গৌরনদীর নলচিড়া এলাকার শাহরিয়ার জয় ও রেজাউল সরদার নামে দুই প্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকার চুক্তি হয় এবং সে অনুযায়ী টাকার লেনদেন হয়।
 
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ইত্তেফাককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কনস্টেবল নিয়োগ দেয়ার কথা টাকা নেয়ার জানতে পেরে অভিযান চালিয়ে বরিশাল পুলিশ হাসপাতালের সিভিল স্টাফ ওয়ার্ডবয় আবু হানিফ ও ওয়ার্ডবয় সাইদুর রহমান এবং দালাল সেকান্দারকে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪লাখ টাকা ও ৭লাখ টাকার ১টি চেক উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় আটককৃতদের বরিশাল কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। তাদের ৩জনের বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের এসআই মো. জহির বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে।
 
প্রসঙ্গত, পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রমে বরিশাল জেলা পুলিশের অধীন লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আগামী ১০ মার্চ লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। এ নিয়োগ কার্যক্রমে অসাধু চক্ররা আবেদনকারীদের চাকরি দেয়ার কথা বলে টাকা লেনদেন করছে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/আরকেজি