শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমড়া গ্রামে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে চাঁন মিয়া (২০) নামে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে। চাঁন মিয়া ওই গ্রামের আসমত আলীর ছেলে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রায় তিন বছর আগে চাঁন মিয়ার সাথে একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে মুক্তা মনির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে চাঁন মিয়ার অভিভাবকরা বিষয়টি মেনে নিয়ে মুক্তার অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু মেনে নেয়নি তার অভিভাবকরা। মুক্তার অভিভাবকদের মধ্যে এ নিয়ে জমাট-বেধে থাকে চাপা ক্ষোভ। বিভিন্ন সময় অভিভাবকরা মুক্তাকে চাঁন মিয়ার সাথে মেলামেশা করতে বাধা-নিষেধও করে। কিন্তু এ বাধা-নিষেধ উপেক্ষা করে মুক্তা চাঁন মিয়ার সাথে ফোনে ও বিভিন্নভাবে যোগাযোগ অব্যাহত রাখে।
মুক্তা মনি জানান, গতকাল রাত ১১টার দিকে মুক্তাকে দিয়ে তার অভিভাবকরা চাঁন মিয়াকে তাদের বাড়িতে ডেকে আনেন। পরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে থানা পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মুক্তার ভাই রিয়াজকে আটক করে। এ ঘটনার পর থেকে মুক্তার বাড়ির অন্যান্যরা গা ঢাকা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁন মিয়ার লাশ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। থানায় হত্যা মামলা ও লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস