'তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো' প্রখ্যাত 'বাংলা ছাড়ো' কবিতার জনক সাতক্ষীরার তালার সন্তান, প্রখ্যাত কবি, সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৯৯তম জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় কবির পৈত্রিক ভিটা উপজেলার তেঁতুলিয়া গ্রামে সিকান্দার মেলার উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিলটনের উপস্থাপনায় সভায় কবির কর্মময় জীবনের কথা তুলে ধরেন কবি পরিবারের সদস্য সৈয়দ জুনায়েদ আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি পরিবারের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আতিকুল ইসলাম। এ সময় তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু এবং খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিকান্দার আবু জাফর একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার, সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকসহ নানাবিধ প্রতিভায় বিকশিত ছিলেন। ৭ মার্চ ১৯৭১'এ প্রকাশিত তার 'বাংলা ছাড়ো' কবিতা এবং পরবর্তীতে 'আমাদের সংগ্রাম চলবেই' গানসহ একাধিক কবিতা ও গান ব্যাপক আলোড়িত হওয়া ছাড়াও জনপ্রিয়তা অর্জন করে। তিনি ১৯১৯ সালের ১৯ মার্চ তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ইত্তেফাক/এসএস