ফরিদপুরে বিদ্যালয়ের কমিউনিটি ভবন ধস, আহত ২ শিক্ষার্থী

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কমিউনিটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ধ্বসে পড়া ভবনটির নিচে এখনো কিছু শিক্ষার্থী আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
আহত দুই শিক্ষার্থী শাহেদ (১১) ও উজ্জ্বল (১১) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তাদেরকে ফরিদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে নির্মিত হলেও কমিউনিটি ভবনটি ১৯৬৬ সালে নির্মিত। পরিত্যক্ত ভবনটি বিদ্যালয়ের কাজে ব্যবহার না করা হলেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত উন্মুক্ত ভবনটির ভেতরে গিয়ে আড্ডা দেয়, খেলাধুলা করে। শনিবার দুপুর ১ টার দিকে হুট করেই ভবনটিতে ধ্বস নামে। এসময় আতঙ্কিত শিক্ষার্থীদের চিৎকারে পুরো এলাকা কেঁপে ‍ওঠে।
 
দুর্ঘটনার পর পরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, সদরপুর উপজেলার নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানা ইনচার্জ হারুন অর রশীদও ফায়ার সার্ভিসের উদ্ধাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন বলেন, ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এরপরই আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।
 
স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো শাহিনুল ইসলাম খান ইত্তেফাককে বলেন, এটা অনেক পুরাতন কমিউনিটি ভবন ছিল। যেটাতে কোন ক্লাশ নেয়া হত না। ভবনটি আজ হঠাৎ করেই ভেঙ্গে পড়ে। এতে স্কুলের কয়েকজন শিক্ষার্থী আহত হন।
 
ইত্তেফাক/ রেজা