গৌরনদীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় মামলা, বখাটে গ্রেফতার

বরিশালের গৌরনদীতে আগরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) উত্যক্ত করার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বখাটে পিন্টু খানকে (১৮) গ্রেফতার করেছে। গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল শনিবার সকালে ওই ছাত্রীর মা নাসিমা বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত বখাটে পিন্টু খানকে গতকাল শনিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠায়। এদিকে, ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য নির্যাতিতা ছাত্রীকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার (১০ মার্চ) দৈনিক ইত্তেফাক পত্রিকায় "গৌরনদীতে বখাটের হুমকিতে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ" শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা ও থানা প্রশাসনের টনক নড়ে।

গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, উপজেলার শরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে আব্দুল মান্নান খান ওরফে চুন মন্নাতের বখাটে পুত্র  পিন্টু খান (১৮) প্রতিদিন স্কুলে আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি ছাত্রী তার বাবা ও মা’কে জানালে ছাত্রীর বাবা বিষয়টি বখাটে পিন্টুর বাবা মান্নানকে জানান। এতে বখাটে পিন্টু ক্ষিপ্ত হয়ে একাধিকবার স্কুলছাত্রীর শ্লীলতাহানি ঘটানোর চেষ্টা করে।

গত ৭ মার্চ স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথিমধ্যে শাহজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌছলে বখাটে পিন্টু ছাত্রীর পথরোথ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। বখাটের সাথে বিয়ে না দিলে মারাত্মক ক্ষতিসাধন করবে বলে হুমকি দেয়। পরদিন থেকে ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

ইত্তেফাক/নূহু