রাজশাহী তানোরে লালচাঁদ মিঞা (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কোয়েল গ্রামে লালচাঁদ মিঞার নিজ বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত লালচাঁদ মিঞা উপজেলার কোয়েল গ্রামের মজির উদ্দীনের পুত্র। তিনি ঢাকায় গামেন্টর্স শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে, তিনি আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
প্রতিবেশিরা জানান, শনিবার সন্ধ্যার পর ঘরের দরোজা বন্ধ দেখে স্বজনরা লালচাঁন মিঞাকে ডাকাডাকি করেন। এতে সাড়া না পেয়ে তারা ঘরের দরোজা ভেঙে ঘরে ঢুকে গলায় ফাঁস লাগানো লালচাঁনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে তানোর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রতিবেদককে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্য ও প্রতিবেশিরা আত্মহত্যার কোনো কারণ বলতে পারছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছ।’
ইত্তেফাক/নূহু