হাকিমপুরে যুবককে জবাই করে হত্যা, আটক ১

দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সীমান্তবর্তী ধরন্দা গ্রামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। তার নাম মিঠুন হোসেন (৩০)। তিনি ওই গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আজ রবিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, মিঠুন ও কোরবানসহ তারা বেশ কয়েকজন ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের একটি গুদাম ঘরের কাছে বসে জুয়া খেলছিল। এ সময় মিঠুন ও কোরবানের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোরবান পাশের একটি বাড়ি থেকে দৌড়ে হাসুয়া নিয়ে গিয়ে মিঠুনের গলায় চোট দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মিঠুন।

তিনি আরও জানান, মিঠুনকে রাত ৮টার দিকে হত্যা করা হয়েছে। কিছুক্ষণ পরেই পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাত ৯টার দিকে কোরবানকে না পেয়ে তার বাবা শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। কোরবান ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মিঠুন ও কোরবান দুজন মাদক বিক্রি, সেবন, জুয়া খেলাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের মধ্যে এসব নিয়ে এই হত্যার ঘটনা ঘটতে পারে।

ইত্তেফাক/নূহু