উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার রায় কাল

বহুল আলোচিত চাঞ্চল্যকর ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার রায় দেয়া হবে আগামীকাল মঙ্গলবার (১৩ মার্চ)। গত ১৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক রায়ের দিনক্ষণ নির্ধারণ করেছিলেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্যগ্রহণ, সাফাই সাক্ষীর জেরা শেষ হওয়ার পর ২৮ জানুয়ারি রবিবার থেকে সরকার পক্ষে ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পিপি হাফেজ আহম্মদ ইত্তেফাককে জানান, এ মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার চার্জশিটভুক্ত ৫৬ জন আসামীর মধ্যে ১৬ জন আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেছেন। স্বীকারোক্তি প্রদান করা ১৬ জনের মধ্যে হেলাল উদ্দিন নামে একজন পরে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। 
 
এছাড়া মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরাও একরামুল হকের গাড়ির গতিরোধ, গুলি করে, কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার রোমহর্ষক বর্ননা দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামীদের মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ শাস্থি দাবি করেন। আদালতের পিপি হাফেজ আহম্মদ আরো জানান, মামলার চার্জশিটভুক্ত ৫৬ জন আসামির মধ্যে বর্তমানে ১৯ জন কারাগারে রয়েছেন। এছাড়া জামিনে থাকা মো. সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন আসামি ইতোমধ্যে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। 
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে গাড়ীর গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। 
 
ইত্তেফাক/কেআই