আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা যে কোনো মূল্যে বাস্তবায়ন চাই।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ১৪ দলের পক্ষ থেকে এই সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় মোহাম্মদ নাসিম বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে সৃষ্ট অনেক সমস্যা আমরা এখনো সমাধান করতি পারিনি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে যে সব সুপারিশ বিভিন্ন সময় এসেছে সেগুলো বাস্তবায়ন দেখতে চাই।
বাঘের কাছে ছাগল পালনের মতো কমিটি গঠন করলে হবে না:শেখ শহীদ
জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, চারটি বিষয় বাদে আমরা সব ক্ষেত্রে অগ্রগতি চাই। সড়কে নৈরাজ্য, নুসরাতের মতো ঘটনা, নারী-শিশু নির্যাতন ও দুর্নীতি এই চারটি ক্ষেত্রে অগ্রগতি চাই না। এই চারটি বিষয় রোধ করার ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স ঘোষণা করলেও মাঠপর্যায়ে বাস্তবায়নে ঘাটতি দেখতে পাচ্ছি। এ ক্ষেত্রে বাঘের কাছে ছাগল পালনের মতো কমিটি গঠন করলে হবে না।
শাজাহান খান বলেন, সড়কে বিরাজমান সমস্যা সমাধানে সব সরকারের আমলেই বিভিন্ন সুপারিশ আছে কিন্তু সেগুলো বাস্তবায়ন না হওয়ায় সমস্যার সমাধান হয়নি। সড়কে চাঁদাবাজির কথা বলা হয়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় মোহাম্মদ নাসিম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন চাঁদাবাজি বন্ধ হয়েছিল। কারণ তখন আন্তরিকতা ছিল তাই এটা সম্ভব হয়েছিল।
আরও পড়ুন: ভয়হীন জীবনের প্রত্যাশা
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সড়কে দুর্ঘটনা রোধে গাড়ির গতি কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ঢাকায় সর্বোচ্চ ২০ এবং হাইওয়েতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতি নির্ধারণ করে দিলেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
ইত্তেফাক/নূহু