সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

সাভার উপজেলার আশুলিয়ায় প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  সোমবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ, আউকপাড়া ও বেলমা এলাকায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
 
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায়, এক বছর পূর্বে আশুলিয়ার চারাবাগ, বেলমা ও আউকপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় স্থানীয় প্রভাবশালীরা। দুপুরে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় দুই হাজার পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে কয়েকজন বাড়িওয়ালাকে কয়েক হাজার টাকা জরিমানা করা হয়।
 
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, সাভার উপজেলার সকল অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান নিয়মিত চলবে। 
 
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। 
 
ইত্তেফাক/এমআই