লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন (২৪) নামে এক আসামী কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে আদালত। লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হুদা তালুকদার সোমবার দুপুরে এই রায় প্রদান করেন। আসামী ফারুক পলাতক রয়েছে। নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের পিপি আবুল বাশার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ২৭ জানুয়ারী রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে সদর উপজেলার কুশাখালী গ্রামের মো. ফারুক (২৫) একই এলাকার কিশোরীকে (১৫) বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে এক পর্যায়ে কিশোরী গর্ভবর্তী হয়ে পড়লে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ফারুক বিয়ে করতে অস্বীকার করে। 
 
ফারুক কৌশলে ৬-৭ মাসের মাথায় স্থানীয় বাজার থেকে ওষুধ এনে জোরপূর্বক সন্তান খালাস করার চেষ্টা করলে এক পর্যায়ে গর্ভের সন্তান ও কিশোরী মারা যায়। পরে এ ঘটনায়  নিহত কিশোরীর পিতা বাদী হয়ে মো. ফারুক ও গ্রাম্য ডাক্তার মো. মাসুদকে আসামি করে ঘটনার পরদিন সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। আদালত দীর্ঘ শুনানি শেষে প্রধান আসামি ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করার নির্দেশ প্রদান করেন। অপর আসামী মাসুদবেকসুর খালাস প্রদান করেন। 
 
ইত্তেফাক/কেআই