সিদ্ধিরগঞ্জে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা, আটক ১

সিদ্ধিরগঞ্জে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওলাদ নামে একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
 
নিহত পুলিশ সোর্সের নাম- ইফতিখার মুশফিক জয় (১৮)। তিনি হিরাঝিলস্থ ব্যবসায়ী আকরাম হোসেনের ছেলে। ইফতিখার দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
 
জানা যায়, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় মুন্নার মাদক স্পটে রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকের সোর্স হিসেবে কাজ করতো।
 
খানপুর ৩শ' শয্যা হাসপাতালের চিকিৎসক তাহমিনা নাজনীন জানান, ভোরের দিকে তিনজন যুবক ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসে। নিহতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ে জখমের চিহ্ন রয়েছে।
 
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। যে তিনজন হাসপাতালে নিয়ে এসেছিল তাদের মধ্য থেকে একজনকে সদর থানা পুলিশ আটক করেছে।
 
ইত্তেফাক/এসএস