ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে পিকনিকের বাস ও ট্রাকের সংঘর্ষে ছাত্র শিক্ষক সহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় মা-মনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী দুর্ঘটনা স্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭৭ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক মিলে মাধবকুণ্ড থেকে পিকনিক শেষে ফেরার পথে গতকাল রাতে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন জানান, পিকনিকের বাসে শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন ছাত্রী ৪২ জন ছাত্র ও ১২ জন শিক্ষক ছিলেন। এদের মাঝে শিক্ষক মোশারফ হোসেন (৫২), শিক্ষার্থী আব্দুল মান্নান (১৫), ওবায়দুর (১৩) তামিম (১৩), নায়মুল (১৪), মাহফুজ (১৩) গুরুতর আহত হয়েছে।
ইত্তেফাক/এসএস