গাইবান্ধার সাদুল্লাপুরে গতকাল মঙ্গলবার রাতে নিখোঁজ হন কাঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম রাজা (৩৫)। এ ঘটনার পর আজ বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের ধারে ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর এলাকার একটি বোরো ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠান পুলিশ। নিহত সাইফুল ইসলাম রাজা উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের মৃত. সাহেব উদ্দিনের ছেলে ও স্থানীয় মীরপুর বাজারের কাঠ ব্যবসায়ী।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, সাইফুল গতকাল বিকেল ৪টার দিকে বাড়ি থেকে মীরপুর বাজারে যান। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেন নাই। তার পরিবারের লোকজন সাইফুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার ফোনটি বন্ধ পায়। পরে ওই রাতেই তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজখবর করেন। কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকায় লাশটি দেখতে পান।
নিহতের তার স্ত্রী বিউটি বেগমের অভিযোগ, একই এলাকায় এক ব্যক্তির সাথে তার স্বামীর জমি ও টাকাপয়সা নিয়ে একটি মামলা আদালতে চলতেছে। এই সূত্রের জের ধরে ওই বিবাদীরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, নিহত ব্যক্তির মরদেহে কোন আঘাতের চিহ্ন নাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে রহস্যজনক এই হত্যার কারণ জানা যাবে।
ইত্তেফাক/এসএস