রাঙ্গামাটিতে ৪৮ ঘণ্টার হরতাল ৮ ঘণ্টায় স্থগিত

প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে রাঙ্গামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য গণ পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল স্থগিত করা হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটায় পার্বত্য নাগরিক পরিষদের আহ্বায়ক বেগম নুরজাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
বেগম নুরজাহান বলেন, 'প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তাদের হরতাল স্থগিত করা হয়েছে। হরতাল স্থগিত করার আগে দুপুর থেকে রাঙ্গামাটি শহরে যানবাহন চলাচল শুরু হয় ও দোকানপাট খুলতে থাকে।'
 
এদিকে রাঙ্গামাটির নানিয়ারচরে ৪ মে সন্ত্রাসী হামলায় নিহত বাঙালি গাড়িচালক সজিব হাওলাদার সহ- পাঁচজনের হত্যাকারীদের গ্রেফতার ও মহালছছড়িতে ১৬ এপ্রিল অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবীতে আজ সোমবার সকাল থেকে হরতাল পালন করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।
 
হরতালের সমর্থনে পিকেটিং ছাড়াও রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল করে ওই সংগঠন দুটি। শহরের বিভিন্ন স্থানে হরতালকারীরা পিকেটিং করে।রাঙ্গামাটিতে বেশ কিছু পণ্যবাহী যানবাহনকে আটকালে পুলিশ পিকেটারদের সরিয়ে দিয়ে যানবাহনগুলো ছাড়িয়ে নেয়। আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
 
হরতাল চলাকালে রাঙ্গামাটি শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ থাকে। দোকান-পাট খুলেনি। নৌপথে ছেড়ে যায়নি কোন লঞ্চ। শহরের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিলো এবং রাঙ্গামাটির কলেজ পরীক্ষা স্থগিতকরা হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, গত ৩ মে নানিয়ারচরে দুর্বৃত্তের গুলিতে সেখানকার উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা নিহত হয়। গত ৪ মে তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুপ্ত হামলায় মাইক্রোচালক সজিব হাওলাদারসহ পাঁচজন নিহত হন। এছাড়া ১৬ এপ্রিল মহালছড়িতে অপহৃত ৩ বাঙালি ব্যবসায়ী অপহৃত হন। হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃতদের উদ্ধারের দাবীতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয়।
 
ইত্তেফাক/এসএস