গঙ্গাচড়ায় তিস্তা সংযোগ সড়ক হুমকির মুখে

গঙ্গাচড়ায় ভাঙন হুমকির মুখে তিস্তা সংযোগ সড়ক। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানি তীব্র বেগে মহিপর-কাকিনা তিস্তা সংযোগ সেতু সড়কে আঘাত করছে। ইতিমধ্যে ভাঙনের হাত থেকে বাঁচার জন্য সেতুর সামনের চারটি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে।
 
স্থানীয় লোকজন বলছেন, পানি মূল তিস্তায় না গিয়ে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা নামক স্থান দিয়ে গতিপথ পরিবর্তন করে আর একটি চ্যানেল তৈরি করেছে। আর মূল তিস্তার চেয়ে নতুন চ্যানেলের পানির স্রোত ও তীব্রতা অনেক বেশি। গত বছরও পানির আঘাতে সংযোগ সেতুর পিচিং ব্লক ধসে যায়। সেই অংশে আবারো ভাঙন দেখা দিয়েছে। 
 
সোমবার সরেজমিনে ভাঙন এলাকায় দেখা যায় লোকজন বাড়িঘর ও গাছপালা কেটে সরিয়ে নিচ্ছে। শংকরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও ভাঙন হুমকির মুখে রয়েছে। সংযোগ সড়কের ভাঙন ঠেকাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কালিগঞ্জ লালমনিরহাটের লোকজন সেতুর সামনে জরুরি ভিত্তিতে বালির বস্তা ডাম্পিং করছে। 
 
এ সময়  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কালিগঞ্জ লালমনিরহাটের উপ-সহকারী প্রকৌশলী তারিকুজ্জামান বলেন, যে কোন প্রকারে হউক সেতুর সামনে ভাঙন ঠেকানো হবে। তবে রাস্তা ভেঙে গেলে তার দায়-দায়িত্ব আমাদের না। তাছাড়া তিস্তার পানি বৃদ্ধির কারনে উপজেলার নোহালী, কোলকোন্দ, লক্ষ্মীটারি ইউনিয়নের তিস্তার বিভিন্ন চরাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দি হয়েছে ২ হাজার পরিবার। ইচলি এলাকায় কয়েকটি বাড়ি ভেঙে গেছে।
 
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ভাঙন এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে। ঠিকাদার খোঁজা হচ্ছে। এ অবস্থায় ভাঙন ঠেকাতে বালির বস্তা ও বাঁশের পাইলিং করা হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/নূহু