দেবিদ্বারে ৩০ হাজার ইয়াবাসহ সাব্বির (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ সময় ঢাকা-কোম্পানীগঞ্জ-নবীনগর রুটের তিশা এক্সক্লুসিভ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৩৭) সার্ভিসের একটি বাসও আটক করা হয়। আটক সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র।
পুলিশ জানায়, সোমবার বিকাল ৩টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের তিশা সার্ভিসের ওই বাসটি কক্সবাজার হতে ভিংলাবাড়ী জামে মসজিদের দক্ষিণপার্শ্বে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পৌঁছুলে বাসের চালক রামচদ্রপুর যাবেন না বলে যাত্রীদের জানান। এতে ওই বাসে থাকা রামচন্দ্রপুরের যাত্রীরা প্রতিবাদ করেন। পরে বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তখন বাসের চালক আবু জাহের ও সুপার ভাইজার মিজান যাত্রীবাহী বাসটি রেখে পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হয়।
পরে বাসটির হেলপার সাব্বিরকে প্রাথমিক জিজ্ঞাবাদ ও স্বীকারোক্তিতে বাসের বিভিন্ন জায়গায় তল্লাশি করে ১০ টি প্যাকেটে মোট ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবাসহ তিশা বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।।
ওসি মিজানুর রহমান জানান, পলাতক চালক, সুপারভাইজারসহ মাদক পাচারে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু