মাদক সেবনে বাধা দেওয়ায় স্বপন মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আজ সোমবার (২ জুলাই) বেলা দুইটার দিকে ঘটনাটি ঘটে। পেশায় স্বপন মিয়া একজন রংমিস্ত্রী এবং সে উক্ত এলাকার চান্দু মিয়ার পুত্র।
এদিকে জেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘাতক শাহ আলমকে পেয়ে নিহতের আত্মীয়স্বজনরা তাকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে পুলিশ হেফাজতে শাহ আলম জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। শাহ আলম শহরতলীর বগাদিয়া এলাকার জালালউদ্দিনের পুত্র।
নিহতের আত্মীয়-স্বজনরা জানান, শাহ আলম ও তার সহেযাগীরা বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত মাদকের আসর বসাতো। স্বপন মিয়া তাদের নিষেধ করলে এই চক্রটি তার ওপর ক্ষিপ্ত হয়। এর জেরে সোমবার বেলা দুইটার দিকে স্বপন মিয়া বাসার সামনে বসে আড্ডা দেওয়ার সময় শাহ আলম অতর্কিতে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্বপন মিয়াকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুশামা মোঃ ইকবাল হায়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/নূহু