পিরোজপুরের মঠবাড়িয়ায় সুমাইয়া আক্তার রিপা (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টার দিকে পুলিশ উপজেলার নলী তুলাতলা গ্রামে ওই মাদ্রাসা ছাত্রীর নানা বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ এ মৃত্যু রহস্যজনক সন্দেহে তদন্ত করছে।
নিহত মাদ্রাসা ছাত্রী সুমাইয়া মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসি মো. রিপন পেয়াদার মেয়ে। তিনি স্থানীয় নলী জয় নগর কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসী রিপন পেয়াদার সঙ্গে গত ১২ বছর আগে সুমাইয়ার মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে তার মা শিশু সুমাইয়াকে তার বাবার বাড়ি ফেলে রেখে অন্যত্র ঘর সংসার শুরু করেন। সুমাইয়া নানা বাড়ি উপজেলার নলী তুলাতলা গ্রামের থেকে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে লেখাপড়া করে আসছিলেন।
সোমবার ওই মাদ্রাসা ছাত্রীর নানি অসুস্থ নিকট এক আত্মীয়কে দেখতে গেলে সুমাইয়া একা বাড়িতে থাকেন। রাত ৯ টার দিকে প্রতিবেশীরা সুমাইয়ার কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকির পরে দরজা না খোলায় প্রতিবেশীরা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে বসতঘরের ভেতর হতে ওই মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন জানান, ওই মাদ্রাসা ছাত্রীর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য উদঘাটিত হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/কেকে