কুমিল্লায় বিকাশ হ্যাকিং চক্রের মূলহোতা খোরশেদ আলমকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৬৩টি সিম, ডিভাইসসহ হ্যাকিংয়ে ব্যবহৃত ইলেকট্রিক সামগ্রী উদ্ধার করা হয়। জেলার বুড়িচং উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় র্যাব এ অভিযান চালায়।
মঙ্গলবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ এর কুমিল্লাস্থ সিপিসি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. আতাউর রহমান।
জানা যায়, র্যাবের একটি দল জেলার বুড়িচং উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে খোরশেদ আলমকে (২৭) গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহূত ২টি ল্যাপটপ, ২টি কম্পিউটার, ৪টি ওয়াইফাই রাউটার, ৭টি পেনড্রাইভ, ২টি হার্ড ড্রাইভ, ২টি হার্ড ডিস্ক, ১টি মডেম, ৭টি হ্যাকিং সফটওয়্যার ভাইরাস সিডি, ১টি ইউপিএস, ৯টি মোবাইল, ৬৩টি সিম কার্ড, প্রতারণা করে টাকা ট্রান্সফারের কাজে ব্যবহৃত ৭টি এটিএম কার্ড, ২টি ব্যাংকের চেক বই এবং ২টি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর মো. আতাউর রহমান সাংবাদিকদের জানান, খোরশেদ আলম হ্যাকিংয়ের মাধ্যমে অসংখ্য বিকাশ এজেন্ট, মানি ট্রান্সফার এজেন্ট, ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে দেশের এবং প্রবাসীদের প্রেরিত প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ চক্রের সাথে জড়িত অপর সদস্যদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এএম