আগামী ৩০ বছরের জন্যে রাজশাহীর যত উন্নয়ন দরকার করা হবে : লিটন

আগামী ৩০ বছরের জন্যে রাজশাহীর যত উন্নয়ন দরকার সব করার আশাবাদ ব্যক্ত করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে মহানগর ছাত্রলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
 
খায়রুজ্জামান লিটন বলেন, আমি মেয়র থাকাকালে যত উন্নয়ন করেছি, গত পাঁচ বছরে সব ধ্বংস হয়ে গেছে। ঝকঝকে চকচকে রাজশাহী এখন দুর্গন্ধ, ধূলাবালি ও ময়লা-আবর্জনায় ভরে গেছে। সবধরনের উন্নয়ন কর্মকান্ড থেমে আছে। আমি আগামীতে সুযোগ পেলে যানজট নিরসনে তিনটি ফ্লাইওভার করবো। এছাড়া সবধরনের উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে আবারো আবারো ঝকঝকে চকচকে শহর করা হবে। আগামী ৩০ বছরের জন্যে যত উন্নয়ন দরকার, সব করবো। এজন্য সবার সহযোগিতা চাই।
 
তিনি আরো বলেন, আজ পত্রিকায় মেয়রপ্রার্থীদের হলফনামায় দেয়া অর্থ ও সম্পদ নিয়ে সংবাদ বেরিয়েছে। সদ্য বিদায়ী মেয়রের পাঁচ বছর আগে কত কী ছিল, আর এখন কত অর্থ-সম্পদ আপনারা দেখেন। পাঁচ বছরে তার আয় বেড়েছে কয়েকগুণ। এসব তো হিসেবের। আর হিসেবের বাইরে যা যা আছে, তা আমি আজ আর বললাম না।
 
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাইম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু প্রমুখ। সভাটি মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব সঞ্চালনা করেন।
 
ইত্তেফাক/রেজা