সাভার কেয়ার হাসপাতালে ভুল অপারেশনে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহমুদা বেগম (২২)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকার এমারতপুর শাফিউলের স্ত্রী। শাফিউল স্ত্রীকে নিয়ে সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লায় ভাড়া বাসায় বাস করেন। তিনি স্থানীয় একেএইচ গ্রুপের সিনিয়র পার্সোনাল অফিসার হিসেবে কাজ করেন।
জানা গেছে, গত শুক্রবার গর্ভবর্তী মাহমুদার প্রসব বেদনা উঠলে এক দালালের মাধ্যমে তাকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার কেয়ার হাসপাতালে ভর্তি করেন। ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে কোন প্রকার প্রস্তুতি ছাড়াই মাহমুদাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় হাসপাতালের লোকজন। এসময় ডা. দিলরুবা ইয়াসমিন দিনা সিজার অপারেশন করে একটি কন্যা সন্তান বের করে আনেন। কিন্তু ভুল ইনজেকশন পুশ করায় রোগীর রক্তক্ষরণ হতে থাকে।
কোনভাবে রক্তক্ষরণ বন্ধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে মাহমুদাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রেখে ১২ ব্যাগ রক্ত দেওয়ার পরও গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদার মৃত্যু হয়।
মাহমুদার দেবর রাজু অভিযোগ করেন, তার ভাবীকে কোন প্রকার প্রস্তুতি ছাড়াই অপারেশন থিয়েটারে নিয়ে যায় হাসপাতালের লোকজন। তার অবস্থা ভালো এবং কোন রক্তের প্রয়োজন নেই জানিয়ে ডা. দিলরুবা ইয়াসমিন দিনা মাহমুদার সিজার অপারেশন করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালি ও অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরনের কারনে টানা ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাতে না ফেরার দেশে চলে যান মাহমুদা। মাইশা নামে মাহমুদার পাঁচ বছরের আরও একটি কন্যা সন্তান রয়েছে।
বিষয়টি জানতে কেয়ার হাসপাতালের পরিচালক আসলাম হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।
ইত্তেফাক/জিআর/নূহু