নওগাঁর মান্দায় ইট বোঝাই ট্রাক্টরের চাপায় সিএনজি অটোরিক্সা যাত্রী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে মান্দা উপজেলার ঘাটপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা গেলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
নিহতরা হলেন, নিয়ামতপুর উপজেলার বামইন জুগিবাড়ী গ্রামের আজিজুল হক (২৫) ও তার আড়াই বছর বয়সের মেয়ে তাসফিয়া খাতুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলের দিকে বাবা-মেয়ে রাজশাহী থেকে মান্দা হয়ে গ্রামের বাড়ি জুগিবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় মান্দা উপজেলার ঘাটপুর মধ্যপাড়া নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু