রমেকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ২৪ঘন্টার আল্টিমেটাম

সিসিইউতে ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত, রেজিস্ট্রারের ওপর হামলা এবং ভাংচুরের ঘটনায় স্থবির হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। এ ঘটনায় আহত হয়েছে একজন। কর্মরত অবস্থায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০দফা দাবি বাস্তবায়নের লক্ষে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হাসপাতাল পরিচালক বরাবরে স্মারকলিপি দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
 
জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টায় সহকারী রেজিস্ট্রার ডাঃ মাহাবুব  ও ইন্টার্ন চিকিৎসক শামিম সিসিইউতে রাউন্ড দিচ্ছিলেন, তখন তাদের উভয়কে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এর এক পর্যায়ে তাদের ওপর হামলা এবং ইন্টার্ন চিকিৎসকের রুম ভাংচুর করে এক রোগী। এ সময় পার্শ্ববর্তী রোগী ও তাদের অভিভাবক এবং কর্তব্যরত পুলিশ কনসটেবল তাকে বাধা দিলে একজন রোগী গুরুত্ব আহত হয়। আহত রোগীকে বর্তমানে ২৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনার পর হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক কর্মস্থলে যোগদান করেন নি। রাত ২টা থেকে মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কর্মস্থালে যোগদান না করার ফলে হাসপাতালে চিকিৎসা ব্যহত হচ্ছে। ফলে রোগী ও অভিভাবকদের বিভিন্ন দিকে অস্থিরভাবে ছুটতে দেখা যায়।
 
দুপুর ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ অজয় কুমার রায়ের কার্যালয়ে এ ব্যাপারে আলোচনা হয়। উক্ত আলোচনায় হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয় এবং ২৪ঘন্টার মধ্যে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। অন্যথায় ২৪ ঘন্টা পর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করবে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ সময় রংপুর সিভিল সার্জন মোঃ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 
 
আলোচনা শেষে রাতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার নিয়োগ, দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ, অনিয়মিত রোগীর লোককে নিয়ন্ত্রনের জন্য পুণরায় পাশের ব্যবস্থা করণ, হোস্টেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণ, ইন্টার্ন ডাক্তারদের জন্য পর্যাপ্ত বাসস্থানের ব্যবস্থা করণ, মেডিসিন ইউনিট ও তথা হাসপাতালে ইন্টার্ন মেয়েদের নাইট ডিউটি বন্ধ করণ, যে সকল ডিপার্টমেন্টে ২৪ঘন্টা ডিউটি করতে হয় সেই ডিউটি বাতিল করণ, রাতে কর্তব্যরত চিকিৎসকদের সকালের রাউন্ডের পূর্বে রুমে ফিরে যাওয়া নিশ্চিত করণ, বিসিএস পরীক্ষকে সামনে রেখে হাসপাতালে লাইব্রেরির ব্যবস্থা গ্রহন এবং ইন্টার্নদের হোস্টেলে ঠিকাদারদের লোক থাকা বন্ধ করনের ১০দফা দাবিতে পরিচালক বরাবরে স্মারকলিপি দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
 
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ গৌরাঙ্গ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক ডাঃ সুমন সরকার বলেন, গতরাতের ঘটনায় হাসপাতালে কোনো কর্মবিরতি পালন করা হয়নি। তবে ইন্টার্নদের উপস্থিতি কম থাকায় হাসপাতালে চিকিৎসার গতি কমে গিয়েছিলো। আমরা পরিচালকের সঙ্গে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০দফা দাবি জানিয়ে পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেছি।
 
ইত্তেফাক/নূহু