যশোরের চৌগাছায় দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ শহিদ মল্লিক (৪৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত শহিদ বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের শওকত মল্লিকের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক বস্তা গাঁজা উদ্ধার করেছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক এস. আই আকিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আমাদের কাছে খবর আসে- ফুলশারা ইউনিয়নের চান্দা আফরা এলাকায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ হচ্ছে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি জানতে পেরে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শহিদের ভাই মনির মল্লিক জানান, ৩ জুলাই দুপুরে শহিদ মল্লিক যশোরের শার্শায় একটি জমি রেজিষ্ট্রি করতে যান। দুপুরের পরে পুলিশ পরিচয়ে কয়েকজন শহিদকে সেখান থেকে তুলে নিয়ে যায়। থানাসহ বিভিন্নস্থানে তাকে অনেক খুঁজাখুজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
পরিবারের দাবি, নিহত শহিদ একসময় মাদক ব্যবসা করতেন। তবে তিনি এখন কৃষি কাজ ও রাখিমালের ব্যবসা করতেন। তার দুই স্ত্রী ও পাঁচ ছেলে মেয়ে রয়েছে।
বেনাপোল পোর্টথানার ওসি অপূর্ব হাসান বলেন, গোলাগুলির কোনো ঘটনা আমার জানা নেই। তবে শহিদ মল্লিকের নামে ১৪ টি মামলা রয়েছে। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে