চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা হরিখালের উপর নির্মিত ব্রিজটির একপাশের মাটি ধসে পড়ায় লোহাগাড়ার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম লামার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের লোহাগাড়া দরবেশহাট ডিসি সড়কটি লামা উপজেলার সঙ্গে সংযুক্ত। এ সড়কের পুটিবিলা হরিখালের উপর প্রায় ২৫ বছর আগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর ৩০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রিজ নির্মাণ করে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন লোহাগাড়া ও লামা উপজেলার শত শত মানুষ ও যানবাহন যাতায়াত করে।সম্প্রতি এ সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজটির একপাশের অ্যাবার্টমেন্ট ধসে পড়ায় ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুটিবিলার সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, প্রধান সড়কের উপর ব্রিজটি হওয়ায় পাবর্ত্য চট্টগ্রামের লামা ও আলীকদমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার শত শত মানুষ।
উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, পাইল না থাকার কারণে বালি উত্তোলন ও প্রবল বর্ষণে আরসিসি পাডার এ ব্রিজটির একপাশের অ্যাবার্টমেন্ট ধসে পড়ে।ব্রিজটির ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ইত্তেফাক/কেকে