প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন টেকসই উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ফলশ্রুতিতে দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
বুধবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিঘলিয়া, তেরখাদা ও রূপসা উপজেলার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বর্তমান সরকার আবার যাতে ক্ষমতায় আসতে পারে তার জন্য সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য মোল্লা জালালউদ্দিন, তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিনসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই