চাটমোহরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

পাবনার চাটমোহরের পল্লীতে মঙ্গলবার দ্বিতীয় শ্রেণিরএক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ বুধবার পুলিশ আটক করেছে ধর্ষককে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি মুরগীর খামারের ঘরে টেলিভিশন দেখতে যায়। সেখানে টেলিভিশন দেখছিল একই গ্রামের হৃদয় কুমার সরকারের ছেলে সবুজ কুমার সরকার (১৮)। শিশুকন্যাটিকে একা পেয়ে সবুজ তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক সবুজ। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
থানার ওসি এসএম আহসান হাবীব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ধর্ষক সবুজ পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে বুধবার তাকে আটক করেছে। থানায় মামলা হয়েছে।
 
শিশুটির মা বলেন, যে ব্যক্তি আমার মেয়ের এই অবস্থা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 
 
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মনিরুল ইসলাম রুবেল বলেন, শিশুটি দুপুর দুইটার দিকে হাসপাতালে ভর্তির পরপরই আমাদের সিনিয়র চিকিৎসকদের একটি দল গঠন করে অপারেশন করা হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি, ঠিক হয়ে যাবে। 
 
পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের আইন কর্মকর্তা এড. শামিমা নাসরিন সোনিয়া বলেন, শিশুটি ভর্তির পর থেকেই আমরা তার পাশে আছি। আর্থিকসহ আইনগত সব সহায়তা প্রদান করা হবে।
 
ইত্তেফাক/কেকে