গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় পৃথক ঘটনায় বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলো, সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে পলাশ মিয়া (৭) ও সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চরাঞ্চল পাতিলাবাড়ী গ্রামের গ্রামের আসাদুল ইসলামের ছেলে হৃদয় (৩)।
 
ঘাগোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুর জামান রিংকু জানান, পলাশ মিয়া বাড়ির পাশের পুকুর পাড়ে দুপুরে খেলছিল। হঠাৎ সে পা পিছলে পুকুরে পড়ে যায়। এসময় এক পথচারী দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
অপরদিকে, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, বুধবার দুপুরে শিশু হৃদয় বাড়ির পাশে খালের পাশে খেলতে ছিল। হঠাৎ সে ওই খালের পানিতে নেমে গিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন।
 
ইত্তেফাক/কেকে