রংপুরে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে সাধারণ মানুষ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রংপুর সদর উপজেলার ভুরারঘাট-পালিচড়া সড়কের ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় ওই দুই ডাকাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ডাকাতরা হলেন, নগরীর ৭ নং ওয়ার্ডের কার্তিক মধ্যপাড়া মহল্লার সাবের আলীর ছেলে সেন্টু মিয়া (২৫) এবং বদরগঞ্জ উপজেলার কাজীপাড়ার আব্দুল জব্বারের ছেলে বাবলু মিয়া (৪৭)। বাবলু রংপুর নগরীর মন্ডলপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন।
কোতয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল জানান, সদর উপজেলার পালিচড়া গ্রামের আম ব্যবসায়ী বিপুল, বাবলু, আকতার ও মনছের আলী রংপুর মহানগর এলাকা থেকে আম বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। রাত ১টার দিকে ভুরারঘাট-পালিচড়া সড়কের ছোট ব্রিজ এলাকায় পৌঁছামাত্র সংঘবদ্ধ ৭/৮ জনের একটি ডাকাত দল ওই আম ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় ব্যবসায়ীরা চিৎকার দিলে আশেপাশের লোকজন বেরিয়ে আসতে থাকে।
অবস্থা বেগতিক দেখে ডাকাত সদস্যরা এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে। তারপর তাদের গণধোলাই দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পরে রাত ৩টার দিকে ওই দুই ডাকাতকে নিয়ে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা জানান, আটক ব্যক্তি দুজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পালিচড়া এলাকার দুই ব্যক্তির সহায়তায় এ ডাকাতির চেষ্টা চালানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ডাকাত স্বীকার করেছে।
ইত্তেফাক/নূহু