সুরমা নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত

সুনামগঞ্জের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর এলাকায় পানি কমলে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 
 
পানি উন্নয়ন বোর্ডের সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় পৌর শহরের তেঘরিয়া, কাজিরপয়েন্ট, নবীরনগর, বড়পাড়া নতুনপাড়া, জলিলপুর, কালিপুরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী। 
 
এদিকে, গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানঢলে বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবজার, ছাতক, জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলের প্রায় কয়েক শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার লোকজন। 
 
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আবু বকর সিদ্দিক ভূঁইয়া বলেন, ‘সুরমা নদীর পানি বাড়ছে, তবে এটা বন্যার মত কোন পরিস্থিতি নয়।নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি