ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পে ঘরবাড়ি নির্মাণে ঘুষ গ্রহণের সময় ৩৮ হাজার টাকাসহ দুইজন হাতেনাতে আটক হয়েছেন।
২০১৭-১৮ অর্থবছরে মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে গৃহনির্মাণের কাজ চলছে। অভিযোগ উঠেছে- এই গৃহ নির্মাণকে কেন্দ্র করে পিআইও অফিসের নাম করে ঘর প্রতি ১০-১৫ হাজার টাকা উৎকোচ আদায় করা হচ্ছে। বুধবার দিবাগত রাতে পৌর এলাকার জলিলপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে ইমান আলী (৪৫) ও নওদাগা গ্রামের মৃত হরিপদোর ছেলে গৌর চন্দ্রকে (৫০) উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের সময় হাতেনাতে আটক করে পুলিশে সোপার্দ করে স্থানীয়রা। এ ব্যাপারে মহেশপুর থানায় মেয়র বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, জনগণ টাকাসহ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেয়র আব্দুর রশিদ বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) রোজিনা খাতুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা বলেন, তাদের অফিসের কোন লোকজন এই টাকা নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নেই। প্রকল্পের সুনাম ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি