ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) -এর প্রতিশ্রুতি অনুযায়ী গত কয়েকদিন ধরে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামে দ্রুত গতিতে চলছে ভাঙন প্রতিরোধে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ।
এর আগে গত ২৮ জুন বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি নিক্সন চৌধুরী। ঐ দিন এমপি নিক্সন চৌধুরী ডিজির সঙ্গে কথা বলে উপস্থিত এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি করে বলেন, ‘এই বর্ষা মৌসুমে আপনাদের বাড়ি ঘর ও পাকা সড়ক রক্ষায় দুই-তিন দিনের মধ্যে নদী ভাঙন রোধে ব্যাবস্থা নেয়া হবে।'
IMG0
বৃহস্পতিবার সরজমিনে ভাঙন এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় এমপি নিক্সনের কথা অনুযায়ী ভাঙন কবলিত এলাকায় পুরোদমে চলছে জিও ব্যাগে বালু ভরাটের কাজ।
জানা যায়, চলতি বর্ষা মৌসুমে নদীতে জোয়ারের সঙ্গে তীব্র শ্রোত থাকায় উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ। হুমকিতে রয়েছে উপজেলার স্কুল, কলেজ, হাসপাতাল ও উপজেলা পরিষদ ভবন।
উপজেলার ভাঙন প্রতিরোধে অস্থায়ী বাঁধের বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ ইত্তেফাককে বলেন, ‘ভাঙন প্রতিরোধে ৩৩৪ কোটি টাকার স্থায়ী বাঁধের মূল প্রকল্পটি চলতি মাসে একনেক সভায় অনুমোদন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষা মৌসুম তাই সংশ্লিষ্ট উর্ধ্বতনদের নির্দেশনা অনুসারে বেশি ঝুকিপূর্ণ ভাঙন এলাকায় ২২০মিটার অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে, যাতে মানুষের ঘর-বাড়ি ও পাকা সড়ক নদী গর্ভে বিলীন না হয়ে যায়।’
ইত্তেফাক/কেকে