নরসিংদীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 
 
বৃহস্পতিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে জেলখানা মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা ওই স্থানেই এক সংক্ষিপ্ত সমাবেশে করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়ির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, যুগ্ম সম্পাদক হারণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানুল্লা আমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল উসলাম বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
 
সমাবেশে বক্তব্য কালে খায়রুল কবির খোকন বলেন, আমাদের পেট দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের জীবন মরণ ও অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তাই এখন আর আমাদের ঘরে বসে থাকলে চলবে না। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জুলুমবাজ সরকারে সকল দুরভিসন্ধি নস্যাৎ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
 
তিনি বলেন, কোটা সংস্কারকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা ছাত্রলীগের পেটুয়া বাহিনী দিয়ে তাদের ওপর বর্বর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ছাত্রলীগের কর্মকাণ্ডেই বর্তমান সরকারের পতন হবে। তিনি ছাত্রদলের ছেলেদের সর্বক্ষণ রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা কর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হয়। 
 
ইত্তেফাক/এমআই