কুমিল্লায় অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

কুমিল্লার আলোচিত ইসলাম হত্যা মামলার আসামি মোফাজ্জল হোসেন এবং তার সহযোগী সুমন খানকে ২০ রাউন্ড গুলি ভর্তি ২টি বিদেশি পিস্তল ও ১টি রিভলভারসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার তিতাস উপজেলার গাজীপুর ভূইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়ের বিরুদ্ধে তিতাস থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।  
 
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ২ মে রাতে দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের মো. ইসলামকে (৩৫) ঘুমন্ত অবস্থায় গুলি চালিয়ে এবং এলোপাথারি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন তার স্ত্রী সুমী আক্তার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। অভিযানে অংশ নেয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই মো. শাহ্ কামাল আকন্দ পিপিএম জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতাস উপজেলার গাজীপুর ভুইয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি টিনসেড বিল্ডিং থেকে ইসলাম হত্যা মামলার আসামি মো. মোফাজ্জল হোসেনকে (৩১) ১২ রাউন্ড গুলিসহ ২টি বিদেশি পিস্তল এবং তার ঘনিষ্ঠ সহযোগী সুমন খানের (৩৮) কাছ থেকে ৮ রাউন্ড গুলিভর্তি ১টি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃত মোফাজ্জল জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র এবং সুমন খান একই জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের বাবুল খানের পুত্র।
 
ইত্তেফাক/এমআই