ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ স্ত্রীকে হত্যা মামলার আসামি নিহতের স্বামীকে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বলে জানান, ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আল আমীন। আজ শুক্রবার দুপুরে গ্রেফতার আনোয়ার হোসেনকে ১৬৪ ধারার স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহন করতে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছায় আকলিমা খাতুন (২০) নামের এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ উঠে। ঘটনার পর থেকে আকলিমার স্বামী আনোয়ার হোসেন (২২) পলাতক ছিলেন। ২৩ জুন শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পয়ারকান্দি পাড়াটঙ্গি এলাকায় আকলিমার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
আকলিমার পরিবারের বরাত দিয়ে মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার ওয়াজেদ আলী জানান, ঈদের ছুটিতে তারা মুক্তাগাছায় এসেছিল। সে সময় আকলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পরদিন পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ইত্তেফাক/নূহু