বরের বয়স ১৯ ও কনের ১২, কাজীসহ ৫জনের সাজা

জীবননগরে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে বাল্যবিয়ের আসর থেকে প্রাইমারি স্কুলের এক ছাত্রীকে উদ্ধার করেছে। এসময় আটক করা হয়েছে বর রফিকুল ইসলাম (১৯), ঘটক, কাজী ও বর-কনের দুই দুলাভাইকে।
 
তাদের শুক্রবার মোবাইল কোর্টে হাজির করা হলে অপরাধ স্বীকার করেন। মোবাইল কোর্টের বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও সেলিম রেজা তাদের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম করাদণ্ডাদেশ এবং বর ও কনের মাসহ ৩জনকে ২ হাজার করে ৬ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
 
থানা সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গার গ্রামের আবুল কাশেম তার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে জীবননগরের হাসাদাহের মৃত আনোয়ার হোসেনের মেয়ে এনজিও পরিচালিত আনন্দ স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী রোমেলার (১২) বিয়ে ঠিক করেন।
 
বৃহস্পতিবার গভীর রাতে গোপনে বিয়ে দিতে রোমেলাকে শাপলাকলিপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে নেয়া হয়। বিয়ে দেয়ার আগ মুহূর্তে ওসি মাহমুদুর রহমান খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।
 
অভিযানে রোমেলাকে উদ্ধারসহ বর রফিকুল ইসলাম, ঘটক জসিম উদ্দিন (৩৭), কাজীর সহকারী শহিদুল ইসলাম (২৫) বরের দুলাভাই আমজাদ হোসেন (৩৩), মেয়ের দুলাভাই হাবিবুর রহমানকে (৩৮) আটক করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি