সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরার দেবহাটায় চলন্ত ট্রাকের ধাক্কায় এক ইঞ্জিনভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই যাত্রী।
 
শুক্রবার দুপুরে উপজেলার সখিপুর-পারুলিয়া কাকড়া সমিতির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম মনিরুল ইসলাম (৩২)। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
 
আহতরা হলেন,  দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের হরিপদ দাসের ছেলে মধাব দাস (৪০) ও একই উপজেলার রত্নেশ্বর গ্রামের প্রদীপ দাসের ছেলে ভোলানাথ দাস (৪২)।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে একটি ইঞ্জিন ভ্যান কয়েকজন যাত্রী নিয়ে পারুলিয়া থেকে সখিপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কাকড়া সমিতির সামনে দ্রুতগামী একটি ভারি ট্রাক যার নং-সিলেট-শ-১১-০০৫১ ইঞ্জিনভ্যানটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী মনিরুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন মাধব ও প্রদীপ। 
 
আহতদের উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। 
 
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী একজন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি বলে তিনি জানান। 
 
ইত্তেফাক/নূহু