শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার চার্জশিট শিগগিরই

শোলাকিয়ায় জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হলো আজ শনিবার। গুলশানের হলি আর্টিজানে হামলার রেশ কাটতে না কাটতেই ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিনে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের পাশে নামাজ শুরুর সোয়া এক ঘন্টা আগে এই জঙ্গি হামলা চালানো হয়। এই হামলায় দুই পুলিশ কনস্টেবল ও এক নারী এবং পুলিশের পাল্টা হামলায় এক জঙ্গি নিহত হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, মামলাটির তদন্ত কাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
 
হামলায় নিহত পুলিশ কনস্টেবলদ্বয় হলেন জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং নিহত নারী হলেন ঝর্ণা রাণী ভৌমিক। ঘটনার দিন ভোর পাঁচটা থেকে নিহত কনস্টেবলদ্বয় শোলাকিয়া ঈদগাহের অনতিদূরে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে চেকপোস্টে অন্যান্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। সকাল পৌনে নয়টার দিকে ঈদগাহমুখি মুসল্লিদের শরীর তল্লাশিকালে মুসল্লিবেশে আসা দুই জঙ্গি অতর্কিতে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর দুটি গ্রেনেড ছুঁড়ে মারে। এতে এক এএসআইসহ মোট আট পুলিশ সদস্য আহত হন। পরে মাটিতে লুটিয়ে পড়া জহিরুল ইসলাম ও আনসারুল হককে চাপাতি দিয়ে এলোপাতাড়িভাবে কোপায় তারা। জহিরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে এবং আনসারুল হক জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে মারা যান। এদিকে গুলি বিনিময়ের সময় বন্ধ স্টিলের জানালা ভেদ করে গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিকের মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ইত্তেফাক/কেকে