ঢাকার পথে কোটা সংস্কার আন্দোলনের নেতা তরিকুল

চিকিৎসকদের পরামর্শে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হচ্ছে। তার ছোট বোন ফাতেমা খাতুন রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
চিকিৎসক সাঈদ আহমেদ বাবুর তত্ত্বাবধানে তরিকুল গত বৃহস্পতিবার থেকে রয়েল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাবু বলেন, তরিকুলের ডান পায়ের দুটি হাড় ভেঙে গেছে। তার মেরুদণ্ডের হাড় ভেঙেছে কী না? তা এক্সরে রিপোর্টে বোঝা যাচ্ছিল না। এ কারণে আরও উন্নত পরীক্ষার প্রয়োজনে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
 
উল্লেখ্য, গত সোমবার কোটা সংস্কারের দাবিতে রাবিতে পতাকা মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় মিছিলে হামলা করে ছাত্রলীগ। তখন ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুন্দরখোল উত্তরপাড়া গ্রামের কৃষক খোরশেদ আলমের ছেলে তরিকুলকে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহতাবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। রামেক হাসপাতালে পুলিশের হেফাজতেই তার চিকিৎসা চলছিল। কিন্তু গত বৃহস্পতিবার রামেক হাসপাতাল থেকে ‘ছাড়পত্র’ দেয়া হলে ওইদনিই তাকে বেসরকারি রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি