টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন আহমেদ (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কৈয়ামধু ঢেউয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মুছা মিয়ার ছেলে এবং স্থানীয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সুজন বিদ্যুতের মেইন লাইন থেকে একটি বাড়িতে বিদ্যুত সংযোগ দিতে যায়। এ সময় অসাবধানতাবশতঃ তার হাতে বিদ্যুতের মেইন তারের স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কলেজছাত্রের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তার মৃত্যু হয়।
এদিকে কলেজছাত্র সুজনের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/এমওয়াই/নূহু