সুন্দরগঞ্জে বীজতলায় মড়ক, দুশ্চিন্তায় কৃষক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমন বীজতলায় মড়ক রোগ দেখা দিয়েছে। এতে আমন ধান রোপন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। 
 
জানা গেছে, কৃষক আমন ধান রোপনের জন্য ১ হাজার ২০০ হেক্টর জমিতে কৃষক বীজতলা তৈরি করেছেন। কয়েকদিন পরই চারাগুলো রোপন উপযোগী হবে। এর মধ্যে বীজতলায় মোড়ক দেখা দিয়েছে। চারাগুলো হলুদ হয়ে মারা যাচ্ছে। কৃষক পচন ঠেকাতে বিভিন্ন বালাই নাশক ব্যবহার করেও সুফল পাচ্ছেন না। 
 
সর্বানন্দ ইউনিয়নের বাছহাটি গ্রামের কৃষক মকছের আলী দেওয়ান জানান, বীজতলায় পচন রোগ দেখা দেয়ায় আমন ধান রোপনে চারা সংকট প্রকট আকার ধারণ করবে। 
 
তারাপুরের কৃষক জাহাঙ্গীর জানান, দেশীয় জাতের বীজ পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় আমদানিকৃত ভারতীয় বীজ বপন করায় এর রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। বেলকা তিস্তা বাজারের কিষাণী মিনা বেগম জানান, বীজতলা গুলোতে বিভিন্ন বালাই নাশক ব্যবহার করেও চারাগুলোকে রক্ষা করা যাচ্ছে না। 
 
কৃষক নেতা ও নদী বাচাঁও মানুষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ছাদেকুল ইসলাম দুলাল বীজতলা পরিদর্শন করে বলেন, চারাগুলো পচনের হাত থেকে জরুরি ভিত্তিতে রক্ষা করা প্রয়োজন। 
 
কৃষি অফিসার রাশেদুল ইসলাম জানান,  চলতি আমন মৌসুমে ২৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান রোপন করার জন্য ১ হাজার ২০০ হেক্টর জমিতে কৃষক বীজ বপন করেছেন। চলমান আবহাওয়ায় বীজতলা নষ্ট হওয়ার কথা নয়। সার প্রয়োগ করলে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
 
 
ইত্তেফাক/মুনিরা