জয়পুরহাটে ১ লাখ ২৩ হাজার শিশুকে ভিটামিন 'এ' খাওয়ানো হবে

আগামী ১৪ জুলাই জয়পুরহাটে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন আয়োজন করা হবে। এই উদ্দেশ্যে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়। জেলায় এবার ১ লাখ ২৩ হাজার ৬৪৬ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: জোবায়ের গালীব, সহকারি পুলিশ সুপার একরামুল হক সরকার। 
 
আরো বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ পরিচালক ডা: বিভাস মানি, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার।
 
ক্যাম্পেইন সফল করতে নানা কর্মসূচী গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৬ থেকে ১১ মাস বয়সের শিশু ১০ হাজার ৮০৪ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ১২ হাজার ৮শ ৪২ জন শিশুকে ভিটামিন 'এ' খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
সিভিল সার্জন ডাঃ হাবিুবল আহসান তালুকদার বলেন, জেলার পাঁচ উপজেলার ৮শ ২৯টি কেন্দ্রে স্বাস্থ্যসহকারী, পরিবার কল্যান সহকারীসহ ২ হাজার ৫৫ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু