চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ২৩টি চোরাই মোবাইল ফোনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজনই নারী।
গত রবিবার রাতে নগরীর লাভলেইনস্থ স্মরনিকা কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, হামিদা বেগম ও তার দুই মেয়ে ফাতেমা বেগম ও চুফরা সহুরা ওরফে কালা বুড়ি, রিপা আক্তার, জান্নাত আরা ফেরদৌস ও নুর হোসেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা বিয়ের অনুষ্ঠানসহ ব্যস্ত এলাকাগুলোতে সেজেগুজে যায়, পরে সুযোগ বুঝে মোবাইলসহ মূল্যবান সামগ্রী চুরি করে উধাও হয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, গত শুক্রবার রাতে লাভ লেইনের স্মরণিকা ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রীসহ গিয়েছিলেন উদয়ন দাশ গুপ্ত নামের এক ব্যক্তি। সেদিন তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে এমআই নোটথ্রি মডেলের একটি মোবাইল সেট চুরি হয়। বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর গত রবিবার রাতে স্মরণিকা ক্লাবে আরেকটি বিয়ে অনুষ্ঠানে যায় আগের চুরির ঘটনায় জড়িতরা। এরপর ক্লাব কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার ক্ষেতচর আলম কুটি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে উদয়নের স্ত্রীর মোবাইলটির পাশাপাশি আরও ২২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি