তাড়াশে সরকারি রাস্তার আড়াই লক্ষাধিক টাকার গাছ কর্তন

তাড়াশে মাধাইনগর ইউনিয়নের চন্ডিভোগ গ্রামের আব্দুল আজিজ নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি রাস্তার আড়াই লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন উপজেলা বন বিভাগের তদারকি কর্মকর্তা মোসলেম উদ্দিন। তিনি জানিয়েছেন, গত সোমবার ইউএনওর নির্দেশে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়।
 
ইউএনও এসএম ফেরদৌস ইসলাম জানান, আব্দুল আজিজ তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের গা ঘেঁষে চন্ডিভোগ গ্রামে যাতায়াতের সংযোগ সড়কের পাশের ৪০-৪৫ টি ইউক্যালিপটাস গাছ গত রবিবার এক কাঠ ব্যবসায়ীর কাছে প্রায় পৌঁনে তিন লাখ টাকায় বিক্রি করেন। স্থানীয়দের এমন অভিযোগে বন কর্মকর্তাকে থানায় অভিযোগের নির্দেশ দেওয়া হয়। এদিকে অভিযুক্ত আব্দুল আজিজ জানিয়েছেন, রাস্তার পাশের গাছগুলো তার লাগানো।
 
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শিগগিরই মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে ওই রাস্তার জায়গা মাপা হবে। কাটা গাছগুলো সরকারি রাস্তার হলে আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 
 
ইত্তেফাক/নূহু