জয়পুরহাটের আমদই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল রাংতা গ্রামে মুরগীর খামারে শিয়াল মারার জন্য তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আমদই ইউনিয়নের চেয়ারম্যান সাহনূর আলম সাবু বিষয়টি নিশ্চিত করে জানান, রাংতা গ্রামের মজিবর রহমান (৪৫) মুরগীর খামারের ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। খামারে রাতে শিয়াল ঢুকে মুরগী নিয়ে যায়। কিছুতেই শিয়ালকে আটকানো যায় না।
এ অবস্থায় সোমবার রাতে খামারে শিয়াল ঢোকার রাস্তায় জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করছিল। যাতে শিয়াল ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বামী-স্ত্রী দুজন মিলে জিআই তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানবশতঃ জিআই তারে হাত পড়লে মজিবর রহমান বিদ্যুৎতায়িত হন।
এই অবস্থায় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী কারিমা খাতুন (৩৫) বিদ্যুতের সঙ্গে জড়িয়ে যান এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্বামী-স্ত্রীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধারে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম।
ইত্তেফাক/নূহু