গাজীপুরের কালীগঞ্জে পুলিশের (ঢাকা) বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খানের (৪২) আগুনে পোড়া বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার রায়েরদিয়া গ্রামের একটি জঙ্গল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিকেলে নিহত পুলিশ কর্মকর্তার পরনের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের লোকজন মরদেহের পরিচয় শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
ওসি জানান, স্থানীয়রা দুপুরে উপজেলার রায়েরদিয়া রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয় উলুখোলা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরহেদটি আগুনে পোড়া অবস্থায় এবং চেহারা বিকৃত ছিল। এ জন্য প্রথমে বয়স ও পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে নিহত পুলিশ কর্মকর্তার পরনের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের লোকজন মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
ওসি আবুবকর আরও জানান, নিহত পুলিশ কর্মকর্তা এস. বি স্কুলের পরিদর্শক ছিলেন। গত ৮ জুলাই সন্ধ্যার পর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিখোঁজ হন মামুন ইমরান খান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই