চাঁপাইনবাবগঞ্জে এক কয়েদির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মেশবাহুল হক ফারুক মাস্টার (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভুতপুকুর মহল্লার মৃত ময়েজ উদ্দিন কালু মাস্টারের ছেলে। সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
 
চাঁপাইনবাবগঞ্জের কারাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে মেশবাহুল হক ফারুক মাস্টার হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হপাসতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। 
 
জেলা কারাগারের চিকিৎসক ডা. অসীত সরকার জানান, মেশবাহুল হক ফারুক মাস্টার একজন অ্যাজমা রোগী ছিলেন। তিনি নিয়মিত ওষুধ খেতেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। 
 
কারাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম বলেন, গত ৬ জুলাই মেশবাহুল হক ফারুক মাস্টার জুয়া আইনে ৭দিনের দণ্ডপ্রাপ্ত হন। আগামী ১২ তারিখ তিনি ছাড়া পেতেন। তিনি জানান, মঙ্গলবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু